নেত্রকোনায় ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতার মাথা ফাটাল দলীয় প্রতিপক্ষ

আহত অবস্থায় নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম মনিরুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ১১টি সেলাই পড়েছে
ছবি: প্রথম আলো

নেত্রকোনায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় দলীয় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন জেলা বিএনপির এক নেতা। তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ১১টি সেলাই পড়েছে। আহত এস এম মনিরুজ্জামান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবারাত সোয়া ১২টার দিকে শহরের ছোটবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি নেন। এ সময় ধাক্কাধাক্কি শুরু হলে উত্তেজিত কয়েকজন নেতা এস এম মনিরুজ্জামানের ওপর হামলা করেন। মনিরুজ্জামান নিচে পড়ে গেলে হামলাকারীরা চেয়ার দিয়ে তাঁর মাথা ও শরীরে আঘাত করেন। পরে অন্য নেতা–কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু সাঈদ মো. মাহবুবুর রহমান আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, মনিরুজ্জামান মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত, তবে সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

হাসপাতালের ভর্তি এস এম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দলীয় কার্যালয় থেকে শহীদ মিনারের উদ্দেশে বের হওয়ার সময় জেলা যুবদলের সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান, সহসভাপতি রফিকুল ইসলামসহ কয়েকজন নেতা আমার ওপর পরিকল্পিতভাবে হামলা চালান। জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক ও সদস্য সচিব মো. রফিকুল ইসলামসহ পদধারী নেতারা ঘটনাটি দেখেছেন।’

অভিযোগ অস্বীকার আবদুল্লাহ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মনিরুজ্জামানের সঙ্গে আমার ভালো সম্পর্ক। তিনি আমার ভালো বন্ধু। আমি বা আমরা কেউ তাঁর ওপর হামলা করিনি। দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় ঠেলাধাক্কায় তিনি নিচে পড়ে গিয়ে আহত হন। এর বেশি কিছু নয়।’

জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম বলেন, একজন নেতার ওপর এমন হামলায় বিস্মিত হয়েছেন তাঁরা। দলের উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আজ বেলা তিনটার দিকে জরুরি সভার আহ্বান করা হয়েছে ও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, শহীদ মিনারে ফুল দেওয়ার উদ্দেশ্যে বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতা–কর্মীরা বের হওয়ার সময় দলীয় প্রতিপক্ষের হামলায় মনিরুজ্জামান নামের একজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।