পাঁচতলা থেকে পড়ে মৃত্যু, পুলিশ বলছে রহস্যজনক

মৃত্যু
প্রতীকী ছবি

সিলেটে রাবিদ আহমদ (২৭) নামের এক তরুণ পাঁচতলা ভবন থেকে পড়ে মারা গেছেন। সোমবার সকালে নগরের কাজিটুলা উচাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক।

রাবিদ আহমদ সিলেট শহরতলির পীরের বাজার আটগাঁও এলাকার নূর মিয়ার ছেলে। তিনি নগরের কাজিটুলা উচাসড়ক এলাকার একটি পাঁচতলা ভবনে ভাড়ায় থাকতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাজিটুলা উচাসড়ক এলাকার বি/৫ নম্বর বাড়ির পাঁচতলার একটি কক্ষ সাবলেট নিয়ে থাকতেন রাবিদ। তবে ওই কক্ষে তিনি নিয়মিত থাকতেন না। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ভবনের পেছনের দিকে রাবিদকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন ভবনের পাহারাদার। পাঁচতলার যে পরিবারের কাছ থেকে সাবলেট নিয়ে রাবিদ থাকতেন, সেই পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি। তাঁরা রাবিদ আহমদকে উদ্ধার করে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

পাঁচতলার ওই পরিবারের কর্তা আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। তাঁর মুঠোফোন নম্বরে কল দেওয়া হলে ‘ঝামেলার মধ্যে আছি, পরে কথা বলব’, এ কথা বলেই ফোন কেটে দেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। ভবনের ওপর থেকে ওই ব্যক্তি কীভাবে নিচে পড়লেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।