পিকআপ-ট্রাকের সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার উপজেলার পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আহসানউল্লাহর ছেলে ইয়াসিন আলী (৩০) ও আগরদাঁড়ি ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের কোমরউদ্দিন সরদারের ছেলে লাল্টু সরদার (২৮)।

নিহত দুজনের পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ইয়াসিন আলী ও লাল্টু সরদার পিকআপ ভ্যানে করে গরু কিনতে যাচ্ছিলেন বাগেরহাটের ফকিরহাটে। যাওয়ার পথে তাঁরা এ দুর্ঘটনার শিকার হন।

তালা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় বাগেরহাটগামী পিকআপের সঙ্গে সাতক্ষীরাগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে দুজন মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন ইয়াসিন আলীকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টুকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন বেলা একটার দিকে ও লাল্টু বেলা দেড়টার দিকে মারা যান।