ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শনিবার শুরু

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু হবে কাল শনিবার। এ উপলক্ষে শুক্রবার থেকেই চলছে প্রস্তুতি
প্রথম আলো

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরস শুরু হবে কাল শনিবার। এবারের ওরস শরিফ সফলভাবে শেষ করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিলকে কেন্দ্র করে চলছে বিশাল কর্মযজ্ঞ। দূরদূরান্ত থেকে আশেকান-জাকেরান ও ভক্তরা সেখানে সমবেত হতে শুরু করেছেন।

কাল শুরু হওয়া এ ওরস মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এ পবিত্র ওরস শরীফে প্রতিদিন ফরজ ইবাদতের পাশাপাশি পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির আজকার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ধর্ম-বর্ণনির্বিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায়, বিশেষ করে চলমান করোনা মহামারিসহ সব ধরনের বালা-মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, প্রতিবছরের মতো এ বছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরিফে উপস্থিত হবেন। ওরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন রাখবার জন্য পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, মঙ্গলবার বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত হবেন পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব। তিনিই এ আখেরি মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করবেন।