ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত
রাজধানীর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন কবিরুল ইসলাম (৩২)। কর্মস্থল থেকে কাজে যোগ দেওয়ার ডাক পেয়ে মোটরসাইকেল নিয়ে রওনা হয়েছিলেন বাগেরহাট থেকে। পেছনের আসনে ছিলেন স্ত্রী। কিন্তু মাঝপথেই যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লাশ হয়েছেন কবিরুল। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী রাফেজা বেগম (২৭)।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কবিরুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার সাহেবাহার গ্রামের ইকরাম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক কবিরুল নিহত হন। দুর্ঘটনার পর বাসের চালক দ্রুত বাসটি চালিয়ে সটকে পড়েন। এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, দুর্ঘটনায় নিহত কবিরুলের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। আহত রাফেজা বেগমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাসসহ পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।