ফুটবলে প্রশিক্ষণ নিতে ব্রাজিল যাচ্ছেন অজপাড়াগাঁয়ের লিয়ন
ফুটবল অন্তপ্রাণ লিয়ন প্রধান। পড়াশোনার বাইরে তাঁর সব ব্যস্ততা ফুটবল নিয়ে। সমস্যা একটাই, পরিবারের আর্থিক টানাপোড়েন। এ কারণে অনেক কিছুই করতে পারেন না। সেই লিয়নের কাছে এমন এক স্বপ্ন ধরা দিয়েছে, যা কল্পনাতেও ছিল না। ফুটবলের উর্বর ভূমি ব্রাজিল যাচ্ছেন তিনি। বিশ্ব ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন দেশটিতে ফুটবল খেলার ওপর দুই মাসের প্রশিক্ষণ নেবেন রংপুরের পীরগঞ্জের অজপাড়াগাঁয়ের এই তরুণ।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এই সুযোগ পাচ্ছেন ১৭ বছর বয়সী লিয়ন। প্রশিক্ষণের জন্য আগামী মে মাসে ব্রাজিল উড়াল দেবেন তিনি। পীরগঞ্জ পৌরসভার ধনশালা গ্রামের লিয়ন পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা রফিকুল ইসলাম অন্যের বাড়িতে দিনমজুরির কাজ করেন। মা খাদিজা বেগম গৃহিণী। তাঁর ছোট এক বোন রয়েছে।
পীরগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান কোচ মাহমুদুল হাসান বলেন, ব্রাজিলে দুই মাসব্যাপী উন্নত প্রশিক্ষণের জন্য এবার বিকেএসপি থেকে ১১ জন ফুটবল খেলোয়াড়ের নাম বাছাই করা হয়েছে। এর মধ্যে পীরগঞ্জের লিয়ন প্রধানের নাম রয়েছে। ৪ এপ্রিল ক্রীড়া পরিদপ্তর থেকে ওই ১১ খেলোয়াড়ের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আগামী মে মাসের শেষের দিকে ব্রাজিলে ওই প্রশিক্ষণ শুরু হবে।
লিয়নের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘অন্যের বাড়িতে কাজ করে কষ্টে সংসার চালাই। কখনো দুই ছেলেমেয়ের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারি না। ছেলেটা কলেজে যাওয়ার জন্য একটা বাইসাইকেল চেয়েছিল। অভাবের কারণে তা কিনে দিতে পারি নাই। অনেক কষ্ট করে পড়াশোনার খরচ চালাচ্ছি। অভাবের মধ্যে বড় হওয়া আমার ছেলেটা ফুটবল খেলার প্রশিক্ষণ নিতে বিদেশে (ব্রাজিল) যাচ্ছে। এতে আনন্দে বুকটা ভরে উঠেছে। আমার ছেলের জন্য দোয়া করবেন।’
লিয়ন প্রধান বলেন, ‘বিকেএসপিতে ভর্তির সময় সারা দেশের প্রায় এক লাখ খেলোয়াড়ের মধ্যে ৪০ জনকে বাছাই করা হয়। তার মধ্যে আমি সুযোগ পেয়েছি। পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলে আসছি। কিন্তু পরিবারের অসচ্ছলতার কারণে আমার কোনো ইচ্ছা পূরণ হয়নি। আল্লাহর কাছে শুকরিয়া খেলার জন্যই বিদেশে যাচ্ছি। জীবনে প্রতিষ্ঠার জন্য সবার দোয়া চাই।’
পীরগঞ্জ ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক সিরাজুল ইসলাম বলেন, লিওন তাঁদের ফুটবল একাডেমির সদস্য। উন্নত প্রশিক্ষণের জন্য সে ব্রাজিলে যাচ্ছে এটা অত্যন্ত গৌরবের বিষয়।