ফেনীতে পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনীতে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে ফেনী সদর উপজেলার ধলিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার ওই যুবকের নাম মো. মহিম উদ্দিন তারা (২৮)। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, ধলিয়া বাজার এলাকায় কিছু লোক মাদক বেচাকেনা করছে এমন খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন ও একটি ওয়ান শুটারগানসহ মহিম উদ্দিন তারাকে আটক করা হয়।

এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহিম উদ্দিনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ওই যুবক।