বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানের দু্ই যাত্রী নিহত

আজ সকালে সদর উপজেলার বৈটপুর এলাকার চিংড়ি গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে দু্ই যাত্রী নিহত হয়েছেন। এ সময় দুজন আহত হন। আজ বুধবার সকাল নয়টার দিকে সদর উপজেলার বৈটপুর এলাকার চিংড়ি গবেষণা ইনস্টিটিউটের সামনের বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সালাম খান (৪২) ও যাত্রী রেশমী বেগম (৫০)। এর মধ্যে সালাম খান কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে ও রেশমী বেগম সদর উপজেলার সুন্দরঘোনাড় গ্রামের বাবুল ফকিরের স্ত্রী। পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, আজ সকালে কচুয়া থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি বাগেরহাটের দিকে যাচ্ছিল। পথে ভ্যানটি বৈটপুর চিংড়ি গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ যাত্রীরা ভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে রেশমী বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত সালাম খান নামে আরও এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় লোকজন সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ভ্যানচালককে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, দুর্ঘটনার পর দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনার পর ট্রলি ও ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে আছে। দুর্ঘটনায় ট্রলিতে থাকা দু-একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের ঘটনাস্থলে পাওয়া যায়নি।