বাগেরহাটে ট্রাকচাপায় রিকশাচালক ও যাত্রী নিহত, অ্যাম্বুলেন্স খাদে
বাগেরহাটে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশার এক চালক ও এক আরোহী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায় রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় পিরোজপুর-বাগেরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রিকশা ও অ্যাম্বুলেন্সের আরোহী মিলিয়ে অন্তত তিনজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার খলিসাখালী এলাকার মিজানুর রহমান (৫৫) এবং একই উপজেলার দোবাড়িয়া এলাকার রিকশাচালক লুৎফর রহমান (৬২)।
স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, বাগেরহাট সদরের বেমরতা এলাকা থেকে দুই আরোহী নিয়ে ব্যাটারিচালিত একটি রিকশা শহরের দিকে আসছিল। পথে বৈটপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশাচালক ও এক আরোহী ঘটনাস্থলে নিহত হন। একই সময় রিকশার পেছনে থাকা পিরোজপুর থেকে খুলনাগামী একটি অ্যাম্বুলেন্সও ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলে রিকশাচালকের মৃত্যু হয়। আহত দুই আরোহীকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
অ্যাম্বুলেন্সচালক মো. মিলন বলেন, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে রোগী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি সামনে থাকা একটি রিকশাকে চাপা দিয়ে তাঁর অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তাঁর বোন গুরুতর আহত হন। ট্রাকের হাত থেকে বাঁচতে তিনি অ্যাম্বুলেন্সটিকে ডান পাশে নিয়ে আসেন। তারপরও শেষ রক্ষা হয়নি, রাস্তার পাশে পড়ে যান বলে আক্ষেপ করেন তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে রিকশাচালকের মৃত্যু হয়। আহত দুই আরোহীকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস দুর্ঘটনায় পড়া অ্যাম্বুলেন্সের রোগী ও স্বজনদের উদ্ধার করে খুলনা হাসপাতালে ভর্তি করে। নিহত দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। প্রায় পৌনে এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।