কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন
বাল্যবিবাহমুক্ত পরিবেশ চান এলাকাবাসী
সংরক্ষিত আসন ৪, ৫ ও ৬
ভোটারেরা সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের কাছে এ বিষয়ে জোরালো প্রতিশ্রুতি চান।
কুমিল্লা নগরের নূরপুর, কাটাবিল, সাহাপাড়া, পাথুরিয়াপাড়া, সংরাইশ, নবগ্রাম, দক্ষিণ চর্থা, পাথুরিয়াপাড়া, কাঁসারিপট্টি, বজ্রপুর মৌলভীপাড়া, উত্তর চর্থা এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটছে অহরহ। কোনো বিয়ে পরিবারের সিদ্ধান্তে, কোনোটি অগোচরে। এ অবস্থায় বাল্যবিবাহবিরোধী পরিবেশ চান এলাকাবাসী। তাঁরা সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের কাছে এ বিষয়ে জোরালো প্রতিশ্রুতি চান।
সংরক্ষিত আসন ৪ (১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড)
নগরের অগ্রসরমাণ এলাকা মনোহরপুর, মুন্সেফ বাড়ি, দারোগা বাড়ি, কান্দিরপাড়, ঝাউতলা, বাদুরতলা, তালপুকুরপাড়, পশ্চিম বাগিচাগাঁও, উত্তর চর্থা, রাজগঞ্জ, নানুয়াদিঘি, দিগাম্বরী তলা এলাকা নিয়ে সংরক্ষিত এ ওয়ার্ড। বর্তমান সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন, বিএনপির সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিন উর রশিদ, সিটি নির্বাচনের তিন মেয়র প্রার্থী মো. মনিরুল হক, আরফানুল হক ও মোহাম্মদ নিজাম উদ্দিন এই ওয়ার্ডের ভোটার।
এখানে কাউন্সিলর প্রার্থী রুমা আক্তার, নাসরীন সুলতানা, অনিতা সরকার, টিলটি সেনগুপ্তা ও ফাতেমা আক্তার। ভোটার ২৬ হাজার ৮৪ জন।
সংরক্ষিত আসন ৫ (১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড)
নগরের দ্বিতীয় মুরাদপুর, দক্ষিণ চর্থা, বজ্রপুর, কাঁসারিপট্টি, পুরাতন মৌলভি পাড়া, হাউজিং এস্টেট এলাকা নিয়ে এ ওয়ার্ড। বাল্যবিবাহ বেশি, বিবাহবিচ্ছেদও বেশি। একটু বৃষ্টি হলে কাটাবিল গদার মা বস্তিতে জলাবদ্ধতা দেখা দেয়। প্রাথমিক বিদ্যালয়ের পর ঝরে পড়া শিক্ষার্থী বাড়ছে।
এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নুরজাহান আলম, শিউলি আক্তার, স্বপ্না বিনতে সাত্তার ও ফরিদা আক্তার। এখানে ভোটার ২৭ হাজার ৭৬২ জন।
সংরক্ষিত আসন ৬ (১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড)
সংরাইশ, নবগ্রাম, টিক্কারচর, সুজানগর, নবগ্রাম, পাথুরিয়াপাড়া, সাহাপাড়া, নুরপুর এলাকা নিয়ে এ ওয়ার্ড। ঘনবসতি। দরিদ্র জনগোষ্ঠী বেশি। মাদক কারবার, অপরাধ প্রবণতার সঙ্গে নারী-পুরুষ মিলেমিশে একাকার। বাল্যবিবাহও বেশি। উত্ত্যক্তের ঘটনা আছে।
এখানে কাউন্সিলর প্রার্থী হয়েছেন নেহার বেগম, রোকেয়া আক্তার ও হাসনা হেনা। ভোটার ৩০ হাজার ২৪৫ জন।