বড়লেখায় জামানত হারাচ্ছেন নৌকার একজনসহ ১৮ চেয়ারম্যান প্রার্থী
মৌলভীবাজারের বড়লেখার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হবে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ জন এবং স্বতন্ত্র ১৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ১০ ইউপির মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। এ ছাড়া তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং অন্য দুটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘেঁটে দেখা গেছে, বর্ণি ইউপিতে মোট ৯ হাজার ৯২৪ ভোট পড়েছে। জামানত ফিরে পেতে সর্বনিম্ন ১ হাজার ২৪০ ভোটের প্রয়োজন ছিল। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জোবায়ের হোসেন পেয়েছেন ১ হাজার ২১১ ভোট।
এদিকে দক্ষিণভাগ উত্তর ইউপিতে সাতজন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবদুল জলিল পেয়েছেন ৩৬ ভোট, আবদুল মানিক ৮৪ ভোট, আশরাফ হোসেন ৪৯৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোসাহিদ আহমদ ২৪ ভোট, আবদুল মালিক ৩১ ভোট, মোহাম্মদ লুৎফুর রহমান ৬৪১ ভোট এবং মোহাম্মদ ময়নুল হক পেয়েছেন ৮৮২ ভোট।
এ ছাড়া দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে তিনজন, দাসেরবাজার ও সুজানগর ইউপিতে দুজন এবং নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউপিতে একজন করে জামানত হারাচ্ছেন।
বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান বলেন, নির্বাচনের আগে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয়। তবে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, সব ভোটকেন্দ্র মিলিয়ে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়।