যশোরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা, প্রাণ হারালেন ২ জন

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার প্রেমবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের আকরাম আলীর ছেলে সুবিদ আলী (৫৫) এবং একই এলাকার রাজা মণ্ডলের ছেলে কুবাদ মণ্ডল (৬৫)।

নিহত কুবাদ মণ্ডলের ভাই জামাল মণ্ডল বলেন, পবা উপজেলার বড়গাছি এলাকার ৪৮ জন সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন। গতকাল তাঁরা বাসযোগে সুন্দরবন থেকে বাড়ি ফিরছিলেন। রাতে অভয়নগরের প্রেমবাগ এলাকায় পৌঁছানোর পর নামাজের বিরতি দেওয়া হয়। এ সময় তাঁর ভাই কুবাদ মণ্ডল ও সুবিদ আলী বাস থেকে নেমে রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে আসা খুলনাগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁদের দুজনকে ধাক্কা দেয়। এতে মহাসড়কের ওপর ছিটকে পড়ে দুজনেরই মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পলাতক। এদিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।