যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীর স্নাতকোত্তর পরীক্ষা শুরু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সশরীর পরীক্ষা শুরু হয়েছে। আগামী অক্টোবরের শুরুতে স্নাতক শ্রেণির শেষ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে। এ জন্য শিক্ষার্থীদের পরীক্ষার সবশেষ প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত স্নাতকোত্তর শ্রেণির সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয়েছে। স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা শুরু হলে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানদের নিয়ে পরীক্ষার হল পরিদর্শনে যান উপাচার্য আনোয়ার হোসেন।

এ সময় উপাচার্য বলেন, ‘সেশনজট দূর ও দেশের দক্ষ জনশক্তি জোগানের জন্য কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে স্নাতক শ্রেণির শেষ বর্ষের পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার সময় যেসব শিক্ষার্থীর বাইরে থাকার সামর্থ্য নেই, কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে তাদের আবাসিক হলে থাকার সুযোগ দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য, আগামী ডিসেম্বরের মধ্যে সব বর্ষের পরীক্ষা শেষ করা। তবে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, এ জন্য অনলাইন ও সশরীর উপস্থিতিতে শিক্ষাব্যবস্থা চালু রাখা হবে।’

শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হল সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার পর হলে স্বাস্থ্যবিধি মেনে একজন শিক্ষার্থীকে একটি কক্ষে রাখা হয়েছে। হলের মধ্যেই শিক্ষার্থীদের খাওয়াদাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষা চলাকালে হলে অবস্থানরত শিক্ষার্থীদের এক দিন পরপর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার সময় হলে থাকার জন্য ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে দরখাস্ত আহ্বান করা হয়। তাদের সংখ্যা পর্যালোচনা করে পরবর্তী বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সব চিকিৎসক, নার্স ও মেডিকেল স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে।