রংপুর বিভাগে করোনায় মৃত্যু ১৮, শনাক্ত ৬১৩

লাশ
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জন মারা গেছেন। এই সময়ে ৬১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ। আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।  

রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের ছয়জন, রংপুরের পাঁচজন, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের তিনজন করে এবং কুড়িগ্রামের একজন আছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করে ৬১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১০৮ জন, ঠাকুরগাঁওয়ের ১০১ জন, নীলফামারীর ৪৯ জন, পঞ্চগড়ের ৭৭ জন, কুড়িগ্রামের ৬৮ জন, লালমনিরহাটের ২৫ জন, গাইবান্ধার ৬৯ জন ও রংপুরের ১১৬ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৩৩ হাজার ৩২৯।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ১৮ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬৭১। এর মধ্যে দিনাজপুর জেলার ২২৯ জন, রংপুরের ১৩৪ জন, ঠাকুরগাঁওয়ের ১২০ জন, পঞ্চগড়ের ৩৩ জন, নীলফামারীর ৪৫ জন, লালমনিরহাটের ৪৩ জন, কুড়িগ্রামের ৩৫ জন ও গাইবান্ধার ৩২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৯ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।