রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪৬ শতাংশ

করোনার নমুনা পরীক্ষা
ফাইল ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৯১ জনের নমুনা পরীক্ষায় ৪৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৬। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় কোনো মৃত্যু নেই। আজ বুধবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৫৬ জনের মধ্যে রংপুরে সর্বোচ্চ ১৩৬ জন আছেন। এ ছাড়া পঞ্চগড়ে ৩৮, নীলফামারীতে ৬৬, লালমনিরহাটে ২১, কুড়িগ্রামে ২৬, ঠাকুরগাঁওয়ে ৬৪, দিনাজপুরে ৬৫ ও গাইবান্ধায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৫ জন।

এর আগে গতকাল মঙ্গলবার বিভাগের ৮ জেলায় ৯৫৩ জনের নমুনা পরীক্ষায় ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৮৬। এদিন বিভাগে করোনায় কোনো মৃত্যু নেই।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনায় রংপুর বিভাগে এখন পর্যন্ত ১ হাজার ২৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৪ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯৫, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৭০, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত ৬০ হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এ কারণে মানুষকে আরও সচেতন হতে হবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।