রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৯৯
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ায় দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট ১ হাজার ৭১১ জনের মৃত্যু হলো। আজ বুধবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বিভাগে ২ হাজার ৫০০ জনের নমুনা পরীক্ষায় ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৯৬। এর আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ছিল ৪৪ দশমিক ৫৭।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ৬০৪ নমুনা পরীক্ষায় ২৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪৩ দশমিক ৭১। চাঁপাইনবাবগঞ্জে ৭৭ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪০ দশমিক ২৫। নাটোরে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৬ দশমিক ৭২। নওগাঁয় ১৬৫ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৩ দশমিক ৯৩।
পাবনায় ৫৯৭ জনের নমুনা পরীক্ষায় ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৮ দশমিক ৪৭। সিরাজগঞ্জে ২৩৯ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৫১ দশমিক শূন্য ৪। বগুড়ায় ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩০ দশমিক ৯০। জয়পুরহাটে ২৫৬ জনের নমুনায় পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩২ দশমিক শূন্য ৩।
রাজশাহী বিভাগে এখন পর্যন্ত মোট ১ লাখ ১১ হাজার ৯১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯ হাজার ৩০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৮৯৬ জন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কিছুটা কমলেও করোনায় মৃত্যু বেড়েছে। এটা উদ্বেগজনক। এই পরিস্থিতিতে টিকা নিতে হবে। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।