রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর আটজন; পাবনা ও নাটোরের দুজন করে এবং কুষ্টিয়া, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে আছেন।
১৫ জনের মধ্যে ৫ জন করোনায় মারা গেছেন। করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে আছেন। এ ছাড়া রাজশাহী ও নওগাঁর দুজন নেগেটিভ হয়ে মারা গেছেন। বাকি আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৭ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। ২৯ জুন ও ১৪ জুলাই সর্বোচ্চ ২৫ জন করে মারা গেছেন। তবে আগস্টে এ পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হলো। জুলাইয়ে মারা গেছেন ৫৩৫ জন। জুনে মারা গেছেন ৩৪৬ জন।
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৩৪ জন। এখনো হাসপাতালে ভর্তি ৪০৩ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৮২ জন, সন্দেহভাজন ১৪২ জন ও নেগেটিভ ৭৯ জন। আগের দিনে রোগী ছিল মোট ৩৯১ জন।
আজকের মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ১৭৭ জন। জুলাই মাসজুড়ে হাসপাতালের রোগীদের মধ্যে রাজশাহীর পরই থেকেছে নাটোর। ২৯ জুলাই থেকে পাবনার রোগী বাড়ছে। ওই দিন থেকে পাবনা চলে আসে দ্বিতীয় স্থানে। আজও পাবনা দ্বিতীয় স্থানে এসেছে। আজ হাসপাতালে পাবনার মোট রোগী ৭২ জন। নাটোরের রোগী হচ্ছে ৬০ জন, নওগাঁর ৩৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৪১ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা ৫১৩।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার মোট ৫২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১২৬ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮১। আগের দিনে এই হার ছিল ২৮ দশমিক ৯০।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ হয়েছেন ২১৫ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৩।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৬। আগের দিনে এই হার ছিল ১৯ দশমিক ২৫।