রায়গঞ্জে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে মালবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে পুরাতন বগুড়া সড়কে উপজেলার হাসিল-রঘুনাথপুর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুজন হলেন টাঙ্গাইলের নাটুয়া যুগনি এলাকার দীনেশ কুমার সরকার (৩৫) ও সিরাজগঞ্জ সদর থানার নওদা ফুলকোচা এলাকার মানিক কুমার হালদার (৫০)। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মালবোঝাই ট্রাকটি সিরাজগঞ্জ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি উপজেলার হাসিল-রঘুনাথপুর কবরস্থান এলাকায় পৌঁছালে ধানগড়া থেকে আসা পাঙ্গাশিগামী যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে নিমাই হালদার নামের যাত্রীকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত দুই ব্যক্তির লাশ থানা-পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা গেলেও ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।