রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে বিদেশি পিস্তল, গুলিসহ দুজন গ্রেপ্তার
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে বিদেশি পিস্তল, গুলিসহ দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুতুপালং-৬ নম্বর ক্যাম্পের সিআইসি কার্যালয়ের আশপাশের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—উখিয়ার কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে বাসিন্দা আজিজুল হক (৩৫) ও কুতুপালং-১ (ওয়েস্ট) ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ (২২)। ১৪ এপিবিএন অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এপিবিএনের দাবি, গ্রেপ্তার দুজন রোহিঙ্গা সন্ত্রাসী। তাঁরা দুজন আশ্রয়শিবির–কেন্দ্রিক সন্ত্রাসী বাহিনী সাব মিয়া দলের প্রধান আজিজুল হক ও অন্যজন একই দলের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ উল্লাহ। তাঁরা দুজন রোহিঙ্গা শিবির-৬–এর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সহকারী ও রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসের আশপাশে নিজেদের আধিপত্য বিস্তারে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।
১৪-এপিবিএন অধিনায়ক নাঈমুল হক বলেন, গতকাল রাতে উখিয়ার কুতুপালং-৬ নম্বর ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের উখিয়া থানায় সোপর্দ করা হয়।