লাশের পাশে পড়ে ছিল জমির কাগজপত্র আর চাকু

শহিদুলের লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান স্বজনেরা। আজ সোমবার ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে
ছবি: প্রথম আলো

দিনাজপুরের ফুলবাড়ীতে শহিদুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর এলাকায় আফতাব আলীর হাসকিং মিলের একটি ঘরের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ সময় লাশের পাশ থেকে রক্তমাখা একটি চাকু ও জমিসংক্রান্ত মামলার নথিপত্র জব্দ করেছে পুলিশ। নিহত শহিদুলের পরিবারের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে খুন করা হয়েছে শহিদুলকে।

শহিদুল ইসলাম উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর ছিলেন।

হাসকিং মিলের মালিক আফতাব আলী বলেন, ভোরে মিলের পাহারাদার কানু মোহন্তের মাধ্যমে জানতে পারেন, পরিত্যক্ত একটি ঘরের বারান্দায় একজনের লাশ ঝুলে আছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে চাকু ও জমির কাগজ জব্দ করে। আফতাব আলী বলেন, শহিদুল ইসলাম বেশ শান্ত প্রকৃতির মানুষ ছিলেন।

নিহতের স্ত্রী কাওছারা বেগম বলেন, বসতভিটার জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় একজনের সঙ্গে বিরোধের জেরে মামলা চলছিল। গতকাল রোববার আদালতে ওই মামলার শুনানির তারিখ ছিল। সকাল নয়টার দিকে দিনাজপুরে আদালতে যাওয়ার জন্য মামলার নথি নিয়ে বাড়ি থেকে বের হন শহিদুল।

রাত হলেও বাড়ি না ফেরায় শহিদুলের খোঁজে আইনজীবীকে ফোন করেন কাওছারা। তখন জানতে পারেন শহিদুল বিকেলের আগেই আদালত থেকে বাড়ি ফিরেছেন। কাওছারা বেগম বলেন, এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন স্বজনেরা। আজ সকালে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে জানতে পারেন, আফতাবের মিলে শহিদুলের লাশ পাওয়া গেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে আসামি অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা করেছেন।

আশ্রাফুল ইসলাম আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি চাকু ও জমির কাগজপত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডিসহ পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত বিষয় জানা যাবে।