শিশুশিক্ষার্থীকে পিটুনির ঘটনায় মাদ্রাসার সুপার গ্রেপ্তার

নির্যাতনের শিকার মাদ্রাসাছাত্র চিকিৎসা নিচ্ছে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

পাবনার বেড়া উপজেলায় মাদ্রাসার শিশুশিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বেড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রহমতউল্লাহ বেড়া পৌরসভার রহিমা খাতুন মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার সুপার। আহত শিক্ষার্থী শিহাব হোসেন (১৩) বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে বেড়া পৌর এলাকার সাণ্ডিয়ালপাড়া মহল্লার সোহেল রানার ছেলে।

পুলিশ ও নির্যাতনের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিহাব পৌরসভার বৃশালিখা মহল্লার রহিমা খাতুন মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার কিতাব বিভাগের আবাসিক ছাত্র।

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার আবাসিক কক্ষে সে তার বন্ধুর মুঠোফোনে গজল শুনছিল। এ সময় মাদ্রাসার সুপার মো. রহমতউল্লাহ সেখানে গিয়ে মুঠোফোনটি কেড়ে নিয়ে শিহাবকে বেত দিয়ে পিটুনি দেন। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে শাসানো হয়।

আঘাতের যন্ত্রণায় শিহাব সারা রাত কান্নাকাটি করে। পরে সকালে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা শিহাবকে আহত অবস্থায় বাড়ি নিয়ে আসেন। এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে গতকাল মো. রহমতউল্লাহকে আসামি করে বেড়া থানায় মামলা করেন। ওই রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার আজ বুধবার বলেন, শিশুটিকে নির্যাতনের ঘটনায় মামলা নিয়ে মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাত বলেন, শারীরিক নির্যাতনের উপসর্গ নিয়ে শিশুটি গতকাল এখানে ভর্তি হয়। তার অবস্থার উন্নতি হওয়ায় আজ তাকে ছাড়পত্র দেওয়া হবে।