শেখ হাসিনার সময় নজিরবিহীন উন্নয়ন হয়েছে: মন্ত্রী রেজাউল
শেখ হাসিনার টানা তিনবারের শাসনামলে দেশে নজিরবিহীন উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তাঁর মতে, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এই সরকারকে বারবার দরকার। পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আজ শুক্রবার সকালে বালিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রেজাউল বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, অন্যদের সময়ে লুটপাট হয়েছে। করোনার মধ্যে পৃথিবীর উন্নত দেশগুলোতেও উন্নয়নের কাজ থমকে গেলেও বাংলাদেশে কোনো উন্নয়নকাজ থামেনি। বাংলাদেশের এমন উন্নয়ন দেখে বিশ্বের উন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধানেরা বিস্মিত। আর এমন উন্নয়ন একমাত্র শেখ হাসিনাকে দিয়েই সম্ভব।
মন্ত্রী আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার প্রয়োজন। শেখ হাসিনা শিক্ষাবান্ধব। দেশের শিক্ষা বিস্তারে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন, অতীতে কোনো দিন কোনো প্রধানমন্ত্রী তা নিতে পারেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও তুলে ধরে পিরোজপুর-১ আসনের সাংসদ রেজাউল বলেন, ‘আমরা পরাধীন ছিলাম। বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতো না। তিনিই স্বাধীনতার মহানায়ক। আমাদের মনে রাখতে হবে, এই দেশ এমনি এমনি আসেনি। স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। তাঁদের প্রতি সব সময় আমাদের শ্রদ্ধা রাখতে হবে।’
দেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সহযোগিতা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন রেজাউল। তিনি বলেন, দেশের এই অগ্রযাত্রায় শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে।
সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ শাহ আলম, নেছারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ প্রমুখ।