শেরপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় তরুণ গ্রেপ্তার

ধর্ষণ
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোর চারটার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই তরুণের নাম মো. মজনু (২৩)। তাঁর বাড়ি একই উপজেলায়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী পরিবহনশ্রমিক। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ছিলেন না। এই ফাঁকে ওই তরুণ বাড়িতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতিও দেখান।

এ ঘটনায় গতকাল রাতে শেরপুর থানায় ওই গৃহবধূ ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আনন্দ মহন্ত বলেন, গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গৃহবধূর স্বামী বলেন, এ ঘটনায় আজ মজনুর অভিভাবকদের কাছে তিনি বিচার চেয়েছিলেন। তাঁরা বিচার না করে উল্টো হুমকি দিয়েছেন।

আজ দুপুরে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ওই যুবক উচ্ছৃঙ্খল ধরনের। মাদকদ্রব্য সেবনের সঙ্গে জড়িয়ে থাকতে পারেন। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।