শেরপুর পৌর আ.লীগের সভাপতির বাড়ির সামনে বিস্ফোরণ
বগুড়ার শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের ধনুট রোড এলাকায় এই ঘটনা ঘটে। রাত সোয়া নয়টার দিকে তাঁর নাতি অলিউল্লাহর বাড়ির কাছে অপর একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় দুজনের দাবি, পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়।
মকবুল হোসেনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে তাঁর (মকবুল হোসেন) বাড়ির প্রধান ফটকের সামনে প্রথমে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত সোয়া নয়টার দিকে তাঁর নাতির বাড়ির পাশে অলিউল্লাহর সামনেই বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে।
এ বিষয়ে মকবুল হোসেন বলেন, তাঁর বাড়ির সামনে কারা এই বিকট শব্দের বিস্ফোরণ ঘটিয়েছে, তা তিনি এখনো নিশ্চিত হতে পারেননি। কোনো ষড়যন্ত্রকারীরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় গতকাল রাত ১১টার দিকে তিনি শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মকবুল হোসেনের লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে কারা জড়িত, তা দ্রুত উদ্ঘাটনে উদ্যোগ নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।