শ্রীমঙ্গলে ফিনলে কোম্পানির চায়ের কারখানায় আগুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে কোম্পানির চায়ের কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার ফিনলে চা কোম্পানির মালিকানাধীন ডিনস্টন চা কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় কারখানার প্যাকিং গুদামে মজুত চা–পাতা, মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে নষ্ট হয়।

কারখানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা দেখে ডিনস্টন চা কারখানার কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা কারখানার ব্যবস্থাপক ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবু তাহের প্রথম আলোকে বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত সেখানে যান। মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক হারুন পাশাসহ শ্রীমঙ্গল স্টেশনের একটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। কারখানার মজুত চা–পাতা, বিভিন্ন সরঞ্জামসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।