চিকিৎসার খরচ জোগাতে কলাপাতা-নারকেলপাতা দিয়ে ‘বইমেলার’ স্টল
বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা হয়েছে কাঠামো। এর ওপর নারকেলগাছের পাতা দিয়ে তৈরি করা হয়েছে ছাউনি। বেড়া দেওয়া হয়েছে কলাপাতা দিয়ে। বাঁশ ও পাতা দিয়ে তৈরি এ ঘরের ভেতরে ছয়টি টেবিলে বইয়ের পসরা সাজানো হয়েছে।
আজ সোমবার সকাল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের অর্জুনতলায় ব্যতিক্রমী এই বইয়ের স্টল দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমানের (২৬) চিকিৎসার খরচ জোগাতে ছোট পরিসরে এ বইমেলার আয়োজন করেছেন শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বই বিক্রির মাধ্যমে যে টাকা উঠবে, তা মজিবুরের পরিবারকে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। তাঁরা জানান, আজ বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা।
মেলার অন্যতম আয়োজক আশরাফুল ইসলাম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তাঁকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁর দুটি কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসাবাবদ আনুমানিক ৫০ লাখ টাকা প্রয়োজন। মজিবুর রহমানের পরিবারের পক্ষে এই পরিমাণ টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই মজিবুর রহমানকে বাঁচাতে সামর্থ্যবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজকেরা জানান, ক্যাম্পাস বন্ধ থাকায় তাঁরা অর্থ সংগ্রহ করতে পারেননি। এ জন্য সহপাঠী ও শিক্ষার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে।
আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা বাইমেলার স্লোগান দিয়েছি “আপনি বই কিনলে জীবন বাঁচবে মজিবুরের”। আমরা সবার কাছে অনুরোধ করছি, অন্তত একটি বই কিনে হলেও যেন মজিবুরের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ান।’