সাতক্ষীরায় বজ্রপাতে দুজনের মৃত্যু

বজ্রপাত
ফাইল ছবি

সাতক্ষীরায় বজ্রপাতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।

মৃত দুজন হলেন সাতক্ষীরার তালা উপজেলার হরিণখোলা গ্রামের কিশোর মণ্ডল (৩৭) ও সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের রাবেয়া খাতুন (২০)।

তালার নগরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, কিশোর মণ্ডল তাঁর নগরঘাটা এলাকার মৎস্যঘের থেকে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি শুরু হয়। তিনি রাস্তার পাশে একটি খোলা ঘরে আশ্রয় নেন। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের আসাদুল হক বলেন, সন্ধ্যার আগে বজ্রপাত ও বৃষ্টিপাত শুরু হয়। মাগরিবের নামাজের আগে রাবেয়া খাতুন ঘরের বাইরে বের হলে ওই সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বজ্রপাতে মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।