সাত বছর পর শেরপুর সদর আ.লীগে নতুন নেতৃত্ব
সাত বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগ। সভাপতি করা হয়েছে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন গাজীরখামার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম।
সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে গতকাল বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় নেতাদের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়। আজ শুক্রবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান ও সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চন্দন কুমার প্রথম আলোকে বলেন, সবাইকে নিয়ে বসে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেরপুর-২ আসনের সাংসদ মতিয়া চৌধুরী। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সদর আওয়ামী লীগের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম নুরুল আমিন।
এর আগে ২০১৫ সালের জুলাই মাসে সদর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। তখন আমির আলী সরকারকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। এর মধ্যে ২০২১ সালের আগস্ট মাসে প্রয়াত হন আমির আলী।
এবারের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন মতিয়া। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে বাঙালি ও বাংলাদেশের যা কিছু অর্জন, তার সবই শেখ হাসিনার অবদান। শেখ হাসিনা সারা পৃথিবী থেকে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কাজেই যত দিন শেখ হাসিনার হাতে দেশ, তত দিন পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাবেই।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, নির্বাহী সদস্য মারুফা আক্তার, রেমন্ড আরেং ও শেরপুর-৩ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রমুখ।