সাভারে জন্মদিনের দাওয়াতের কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
ঢাকার অদূরে সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই তরুণী সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে জন্মদিনের দাওয়াতের কথা বলে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার ওই তরুণের নাম রবিউল ইসলাম ওরফে রবি (২৫)। তাঁর বাড়ি নওগাঁয়। তিনি সাভারের একটি এলাকায় ভাড়া থাকতেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন শহীদুল ইসলাম (২৭), মনির হোসেন (৪০) ও মো. রবিন (২৭)।
সাভার মডেল থানা–পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সাভারে ওই তরুণী ভাড়া থাকতেন। ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে রবিউল সোমবার রাতে বন্ধুর ছেলের জন্মদিনের কথা বলে ওই তরুণীকে দাওয়াত দেন। পরে কৌশলে একটি বাড়িতে নিয়ে রবিউলসহ ছয়জন ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে গতকাল রাতে ওই তরুণী সাভার মডেল থানায় মামলা করেন। পরে ওই রাতেই রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজ ওই আসামিকে আদালতে পাঠানো হবে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।