সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২২৪
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত বিভাগে ১ হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৩৪। এ নিয়ে বিভাগে ৬৩ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে অবস্থান করছে। এর মধ্যে ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কিছুটা কমে ২১ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৩৩৮ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২২৪ জন, সুনামগঞ্জ জেলায় ৩৪ জন, হবিগঞ্জ জেলায় ৩৬ জন ও মৌলভীবাজার জেলায় ৪৪ জন রয়েছেন।
আজ সকাল আটটা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৭০ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৩০ জন, সুনামগঞ্জ জেলায় ১৭ জন, হবিগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজার জেলায় চিকিৎসাধীন আছেন ২১ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বর মাসের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী। এর মধ্যে করোনার নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ার কথা জানা গেলেও সিলেটে সেটি শনাক্তের মাধ্যম নেই। তবে বর্তমানে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মানুষের মধ্যে করোনার নমুনা পরীক্ষার ব্যাপারে অনীহা রয়েছে। করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।