সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু

করোনায় মৃত্যু
ফাইল ছবি

সিলেট বিভাগে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭১৫ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৮৫। আজ রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৫, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৯২৬। এর মধ্যে সিলেট জেলার ৩৩ হাজার ২১২, সুনামগঞ্জের ৬ হাজার ১৯৭, হবিগঞ্জের ৬ হাজার ৫৬৬ ও মৌলভীবাজারের ৭ হাজার ৯৫২ জন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২৯।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। দুজনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন। ৮১৭ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৬ দশমিক ৪৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৭৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩৮১।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৫৩। এর মধ্যে ১২১ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ৬ জন।