সীতাকুণ্ডে গভীর রাতে পৃথক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডের বড়দারোগাহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক্সেল লোড কন্ট্রোল স্টেশন (ওজন স্কেল) এলাকায় পৃথক দুর্ঘটনায় দায়িত্বরত এক আনসার সদস্যসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পিকআপের ধাক্কায় মো. মাঈন উদ্দিন (৩২) নামের ওই আনসার সদস্য নিহত হন। এ ছাড়া রাত তিনটার দিকে একই এলাকায় লরির সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালকের সহকারী (৪৪) নিহত হন।
নিহত আনসার সদস্য মাঈন উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি বড়দারোগাহাট ওজন স্কেলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বড়দারোগাহাট ওজন স্কেল এলাকায় ওই আনসার সদস্য দায়িত্বরত অবস্থায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মাঈন উদ্দিন নিহত হন। পিকআপটি জব্দ করা যায়নি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল প্রথম আলোকে বলেন, বড়দারোগাহাট ওজন স্কেল এলাকায় রাত তিনটা পর্যন্ত যানজট লেগে ছিল। দ্রুত যানজট পার হওয়ার জন্য ঢাকামুখী সোহাগ পরিবহনের বাসটি উল্টোপথে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহাগ পরিবহনের বাসের সহকারী ঘটনাস্থলে নিহত হন। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ওই সহকারীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ পরিদর্শক মো. আবদুল্লাহ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি তাঁদের হেফাজতে রয়েছে। সোহাগ পরিবহনের মালিক কর্তৃপক্ষের মাধ্যমে বাসের সহকারীর পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
উপজেলা আনসার–ভিডিপি কমান্ডার মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত মাঈন উদ্দিনের লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আনসার–ভিডিপির জেলা কার্যালয় থেকে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।