সীতাকুণ্ডে সেই বাল্কহেড দুটি তিন লাখ টাকা জরিমানায় ছাড়িয়ে নিল মালিকপক্ষ

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের উপকূলীয় সবুজ বেস্টনির বাইরে অবৈধভাবে বালু তোলার সময় জব্দ করা বালু ভর্তি বাল্কহেড দুটি তিন লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়িয়ে নিয়েছে মালিকপক্ষ।

গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলমের কাছে এ জরিমানার টাকা বুঝিয়ে দেন বাল্কহেড দুটির মালিক জুয়েল রানা। জুয়েল রানা ঢাকার খোকন ড্রেজিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

এর আগে গত মঙ্গলবার বিকেল সৈয়দপুর উপকূলীয় বনের কাছাকাছি সন্দ্বীপ চ্যানেল থেকে একটি ড্রেজার দিয়ে বালু তুলে বাল্কহেড দুটি ভর্তি করে পাশের উপজেলা মিরসরাইতে নিয়ে যাচ্ছিলেন শ্রমিকেরা। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্কহেড দুটি জব্দ করে উপকূলে আনা হয়। পরে বাল্কহেড দুটির মালিককে খবর দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, জব্দ বাল্কহেড দুটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা ছিল। মালিক জুয়েল রানাকে তিন লাখ টাকা জরিমানার বিষয়টি তখনই জানিয়ে দেওয়া হয়। টাকা পরিশোধের জন্য গতকাল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। গতকাল বিকেলের দিকে টাকা নিয়ে আসার পর সন্ধ্যায় মুচলেখা নিয়ে বাল্কহেড দুটি ছেড়ে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার ‘সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও বালু তোলা বন্ধ হয়নি’ শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। ঘটনার দিন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী প্রথম আলোকে বলেছিলেন, দুটি বাল্কহেড জব্দের পর দুষ্কৃতিকারীরা আরও তিনটি বাল্কহেড নামিয়ে বালু উত্তোলন করা শুরু করে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য তাঁকে জানানোর পর তিনি উপজেলা প্রশাসনকে জানান। পরে সহকারী কমিশনার আশরাফুল আলম বাল্কহেডগুলো জব্দের নির্দেশ দিলেও হামলার ভয়ে জব্দ করতে যাননি ইউপি সদস্য।

তবে অভিযানের পর বালু তোলার জন্য আরও তিনটি বাল্কহেড নামানোর বিষয়টি অস্বীকার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। তিনি বলেন, হয়তো এ ক্ষেত্রে তথ্যগত কোনো ভুল রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর আর বালু তোলার খবর তিনি পাননি। এর আগে ১৪ ফেব্রুয়ারি গুলিয়াখালী সৈকত এলাকা থেকে একটি বাল্কহেড জব্দ করেছিল ভ্রাম্যমাণ আদালত। এরপর বাল্কহেড মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে মুচলেখা নিয়ে সেটিও ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন