সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আগুন, দগ্ধসহ আহত ৪

আগুন
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজে অগ্নিকাণ্ডে দুই শ্রমিক অগ্নিদগ্ধসহ চারজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় যমুনা শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মো. সোহেল রানা (২৫) ও বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তিরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (২৬)। এদিকে অগ্নিকাণ্ডের সময় জাহাজ থেকে লাফিয়ে নামতে গিয়ে দুই শ্রমিকের পা ভেঙে গেছে। আহত ব্যক্তিরা হলেন মো. মিজানুর রহমান (৪০) ও মো. ফিরোজ (২৪)।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, অগ্নিদগ্ধ ব্যক্তিদের মধ্যে সোহেল রানার শরীরের ১৫ শতাংশ ও জাহিদের ২ শতাংশ পুড়ে গেছে। তাঁরা দুজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। এদিকে পা ভেঙ্গে যাওয়ায় দুই শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, আজ সকালে কয়েকজন শ্রমিক একটি স্ক্র্যাপ জাহাজের লোহা কাটার কাজ করছিলেন। এ সময় জাহাজের একটি কক্ষে আগুন ধরে গেলে সোহেল রানা ও জাহিদ দগ্ধ হন।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ প্রথম আলোকে বলেন, স্ক্র্যাপ জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জাহাজ ভাঙা কারখানার দিকে রওনা দেয়। কিন্তু কারখানায় পৌঁছানোর আগেই কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেয় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফলে তাদের আর ঘটনাস্থলে যেতে হয়নি।