সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে নিরাপত্তাপ্রহরীর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ওপর থেকে পড়ে এক নিরাপত্তাপ্রহরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরিহাটের এসএল স্টিল নামে একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ওই ব্যক্তির নাম রণবিক্রম ত্রিপুরা (২৭)। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার খর্গপাড়া পেজগাং গ্রামের বাসিন্দা। আজ সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই নিরাপত্তাপ্রহরী ভাঙার জন্য আনা স্ক্র্যাপ জাহাজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ভোররাতে তিনি জাহাজ থেকে নামার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এ সময় স্থানীয় শ্রমিকেরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

ওসি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।