সুনামগঞ্জে দোকান কর্মচারী হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দোকান কর্মচারী সাইফুল ইসলামের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী ও স্বজনেরা। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জ পৌর শহরের দোকান কর্মচারী সাইফুল ইসলামকে (২৫) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্বজন, বন্ধু ও এলাকার বাসিন্দারা। আজ বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন করা হয়।

গত রোববার বিকেলে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পাওনা টাকা নিয়ে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে নিহত হন সাইফুল। রাতেই তাঁর বাবা কাওসার আহমদ বাদী হয়ে মামলা করেন। এতে আসামি করা হয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের রেজওয়ান আহমদ (২৫) ও রোহান আহমদকে (২৩)। দুই আসামি কারাগারে আছেন।

সাইফুল পৌর শহরের বড়পাড়া এলাকার বাসিন্দা। মানববন্ধনে বক্তারা বলেন, সাইফুলকে দোকানে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শহরের এ রকম খুনের ঘটনায় মানুষ ক্ষুব্ধ। সাইফুলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বড়পাড়া এলাকার বাসিন্দা ও প্রবীণ শিক্ষক আলী হায়দার, পৌরসভার কাউন্সিলর আহমদ নূর, শহরের এইচ এম পি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, সাইফুল ইসলামের বাবা কাওসার আহমদ, চাচা আবু তাহের, বড়পাড়া গ্রামের বাসিন্দা শাহীন রেজা, জাবেদ আহমদ প্রমুখ।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার রাতেই মামলার দুই আসামিকেই পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।