স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পার্কমালিক গ্রেপ্তার
যশোরের মনিরামপুরে এক স্কুলছাত্রীকে পার্কে নিয়ে ধর্ষণ ও আরেকবার ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় পার্কটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। বৃহস্পতিবার রাতেই পার্কমালিককে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মেয়েটি অষ্টম শ্রেণির ছাত্রী। তাঁর বাবা দিনমজুর ও মা যশোরের অভয়নগরে একটি পাটকলে শ্রমিকের কাজ করেন। তাঁরা ওই পার্কের পাশেই একটি ভাড়া বাড়িতে থাকেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পার্কের পাশে বাড়ি হওয়ায় পার্কমালিক আবদুর রহমানের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রায়ই কথাবার্তা হতো। মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ওই পার্কমালিক মেয়েটিকে পার্কের ভেতরে নিয়ে যান। এরপর একটি কক্ষে নিয়ে তিনি তাকে ধর্ষণ করেন।
বাদী মামলায় উল্লেখ করেন, ঘটনার পর থেকেই পার্কের মালিক আবদুর রহমান তাঁর মেয়েকে ভয়ভীতি দেখাতে থাকেন। এ ঘটনা প্রকাশিত হলে তাকে মেরে ফেলা হবে বলে তিনি হুমকি দেন। এরপর ১৮ ফেব্রুয়ারি দুপুরে আবার মেয়েটিকে ফুসলিয়ে পার্কের ভেতরে নিয়ে যান মালিক। তিনি আবার তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটি চিৎকার করলে তাঁর মা সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, স্কুলছাত্রীকে এক দিন ধর্ষণ ও আরেক দিন ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতে পার্কমালিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া চলছে।