স্থগিত নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাধারণ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে কেবল মেয়র পদে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন তারিখ ২০২১ সালের ১৬ জানুয়ারি।

আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থগিত হওয়া মেয়র পদ ও অন্যান্য পদে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি ২০২১ সালে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ হবে। প্রজ্ঞাপনে বলা হয়, স্থগিত হওয়া পদে (মেয়র) মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৩ ডিসেম্বর। দাখিল মনোনয়ন বাছাই হবে ২৪ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। পরে ১৬ জানুয়ারি ২০২১ সালে দিনব্যাপী ভোট গ্রহণ হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, কেবল মেয়র পদে নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যাঁরা ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন, তাঁদের আর নতুন করে মনোনয়ন জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ ছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নতুন করে মনোনয়ন জমা দেওয়ার কোনো সুযোগ নেই। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

এর আগে ৯ ডিসেম্বর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে কেবল মেয়র পদে নির্বাচন স্থগিত করার কথা জানিয়েছিলেন। বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদের মৃত্যুর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পদে নির্বাচন স্থগিত করা হয়েছিল।
এ বিষয়ে শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ সোমবার রাত ৯টায় প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন থেকে শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য ১৪ ডিসেম্বর প্রজ্ঞাপনে নতুন তারিখ ঘোষণা করা হয়। ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি জারি করবেন।

উল্লেখ্য, ইতিমধ্যে মেয়র পদে আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র আনিসুর রহমান। বিএনপির মনোনীত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ শহিদ ও ইসলামী শাসনতন্ত্রের ফরহাদ আহমেদ মমতাজী। ৯ ডিসেম্বর বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল্লাহ শহিদ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এই পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বৈধ প্রার্থীর সংখ্যা ৪৯। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীসংখ্যা ১১।