হেঁটে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত ২
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় হেঁটে যাওয়ার পথে পেছন থেকে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার খুরশিদমহল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন খুরশিদমহল গ্রামের শহীদ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৩) ও নূর হোসেনের ছেলে মো. মাসুম (১৭)।
উপজেলার পাঁচবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হজরত আলী বলেন, সকালে ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে গরুকে খাওয়ানোর জন্য ঘাস আনতে মানিক ও মাসুম বাড়ি থেকে বের হন। তাঁরা খুরশিদমহল ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে বালুবাহী একটি ট্রাক দুজনকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো ট্রাকটির হদিস মেলেনি।