আল-আরাফাহ্ ব্যাংক ও মাস্টারকার্ড নিয়ে এল ইসলামি কার্ড

মাস্টারকার্ড ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মিলে পাঁচ ধরনের ইসলামি কার্ড চালু করেছে। কার্ডগুলো হচ্ছে ফাস্ট ক্যাশ ডেবিট, প্ল্যাটিনাম, গোল্ড ও ক্লাসিক ক্রেডিট কার্ড এবং লা-রিবা হজ প্রিপেইড কার্ড।
ঢাকার একটি হোটেলে গতকাল সোমবার এক অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে এসব কার্ডের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারি এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস চেয়ারম্যান গীতাংক ডি দত্ত।
অনুষ্ঠানে জানানো হয়, এসব কার্ডে প্রথম ৫০ দিন কোনো ফি লাগবে না। সেই সঙ্গে থাকবে ন্যূনতম মাসিক ফি এবং ছয় শতাধিক আউটলেটে বিশেষ ছাড়। কার্ডধারীরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন রেস্তোরাঁয় একটির সঙ্গে একটি ইফতার ও নৈশভোজ বিনা মূল্যে পাবেন। রমজান মাসে ২০টি রেস্তোরাঁয় ২০ ও শতাধিক লাইফস্টাইল শপে ৪০% মূল্যছাড়ও রয়েছে। বিজ্ঞপ্তি।