আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্য ও কাঁচামালের দাম বাড়ায় খরচ বেড়ে গেছে ব্যবসার। বর্তমানে চলতি মূলধন ঋণের যে সীমা রয়েছে, তা দিয়ে এ খরচ মেটানো যাচ্ছে না। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা কাঁচামালের মূল্য পরিশোধে ব্যর্থ হচ্ছেন। এ জন্য চলতি মূলধন ঋণের সীমা বাড়ানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে আজ বুধবার এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন বলা হয়েছে, সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে কাঁচামালসহ বিভিন্ন উপকরণের মূল্য এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় বাড়ছে। এ কারণে ব্যাংকগুলোর মঞ্জুরিকৃত চলতি মূলধন ঋণ সীমার সর্বোচ্চ ব্যবহার সত্ত্বেও চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কাঁচামালের মূল্য পরিশোধসহ উৎপাদন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এতে করে উৎপাদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। আমদানি-রপ্তানিসহ চলমান অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এমন প্রেক্ষাপটে, উৎপাদন কার্যক্রম চলমান রাখা এবং আমদানি-রপ্তানিসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখার জন্য চলতি মূলধন ঋণসীমা প্রয়োজন অনুযায়ী যৌক্তিক পর্যায়ে বৃদ্ধির জন্য নির্দেশনা পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ ঝুঁকি হ্রাস করে এবং গ্রাহকের আর্থিক সক্ষমতা যাচাই করে এ সীমা বাড়ানো যেতে পারে।