মৎস্য ও হাঁস-মুরগির খামারে কর ছাড়
মৎস্যচাষিরা আবারও আয়করে ছাড় পেলেন। এখন থেকে মৎস্য চাষে ১০ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। পরবর্তী ১০ লাখের জন্য ৫ শতাংশ এবং বাকি আয়ের জন্য ১০ শতাংশ কর দিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই খাতের আয়ে ৩ শতাংশ কর আরোপ করা ছিল। করহার কম হওয়ার সুবিধা নিয়ে সেই সময়ে অপ্রদর্শিত বা কালোটাকা সাদার সুযোগে পরিণত হয়েছিল খাতটি। এ সুযোগ নিয়েছেন অনেক রাজনীতিবিদ ও প্রভাবশালী। যে কারণে গত বছরের সেপ্টেম্বরে এ সুযোগ প্রত্যাহার করে নেয় এনবিআর।
এখন আবার নতুন করে কিছু ছাড় দিল এনবিআর। চলতি ২০১৫ সালের ১ জুলাই থেকে মৎস্য খাতের জন্য নতুন এই করহার প্রযোজ্য হবে। এর পাশাপাশি হাঁস-মুরগি, চিংড়ি ও মৎস্য খামারের আয়ের ওপর একই হারে কর আরোপিত হবে।
এদিকে এনবিআর আরেকটি প্রজ্ঞাপনে হাঁস-মুরগির খামারের আয়ে ২০ লাখ টাকা পর্যন্ত অব্যাহতি দিয়েছে। পরবর্তী ১০ লাখ টাকার ওপর ৫ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ১০ শতাংশ হারে কর প্রযোজ্য হবে।