আইসিএমএবির নতুন সভাপতি মামুনুর রশিদ

মো. মামুনুর রশিদ, সভাপতি, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)
ছবি: সংগৃহিত

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশিদ। এ ছাড়া মো. মনিরুল ইসলাম ও ইমতিয়াজ আলম সহসভাপতি, এ কে এম কামরুজ্জামান সচিব ও মো. আলী হায়দার চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

রাজধানীর কাঁটাবনে আইসিএমএবি ভবনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাউন্সিল সভায় তাঁরা ২০২২ সালের জন্য নির্বাচিত হন। আইসিএমএবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নতুন সভাপতি মামুনুর রশিদ দুই বছর আইসিএমএবির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এক্স-ইনডেক্স কোম্পানিজের উপব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সহসভাপতি। তিনি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন, পর্যটন করপোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রহিম আফরোজ, সামিট পাওয়ার, কাজী ফার্মসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচিত নতুন সহসভাপতি মনিরুল ইসলাম অ্যারিস্টোফার্মা লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। আরেক সহসভাপতি ইমতিয়াজ আলম ইনফিনিটি গ্রুপ অব কোম্পানিজ ও করপোরেট সাপোর্ট লিমিটেডের চেয়ারম্যান। নতুন সচিব এ কে এম কামরুজ্জামান লংকাবাংলার ফাইন্যান্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশনস হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া নতুন কোষাধ্যক্ষ আলী হায়দার চৌধুরী আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক।