সূচকের উত্থান অব্যাহত শেয়ারবাজারে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজও লেনদেন চলছে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৬০৬ ও ২৬৭৪ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৯২ কোটি ৪১ লাখ টাকার। আজ লেনদেনের একপর্যায়ে সকাল ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স বাড়ে ৭৭ পয়েন্ট।
এই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১১ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দর।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো বেক্সিমকো ফার্মা, ডেলটা লাইফ ইনস্যুরেন্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, বিবিএস কেবলস ও অলিম্পিক।
এদিকে, বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সূচক ১৬৭ পয়েন্ট বেড়ে ২১ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩৯ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০ টির, কমেছে ১০৯টি কোম্পানির দর। আর ২৩টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।