আমাজন–ফিউচার সালিসি মামলা স্থগিত

প্রতীকী ছবি

ভারতের রিলায়েন্স রিটেইলের সঙ্গে ফিউচার রিটেইলের চুক্তির বিরুদ্ধে আমাজনের অভিযোগ নিয়ে মামলা চলছে সিঙ্গাপুরের আন্তর্জাতিক সালিসি আদালতে। গত বুধবার ফিউচার গোষ্ঠীর আবেদনের ভিত্তিতে সেই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারপর ফিউচার জানায়, ৫-৮ জানুয়ারির সালিসি প্রক্রিয়া বাতিল করেছেন সালিসি আদালত।

এর আগে ফিউচারের সালিসি প্রক্রিয়া বাতিলের আবেদন খারিজ করেছিলেন দিল্লি হাইকোর্টের এক সদস্যের বেঞ্চ। সেদিন আদালতের প্রধান বিচারপতি ডি এন প্যাটেল ও বিচারপতি জ্যোতি সিংহের বেঞ্চে আবেদন জানায় কিশোর বিয়ানির সংস্থা। আবেদন নথিভুক্ত করে আমাজনকে নোটিশ পাঠিয়েছে আদালত। সেই সঙ্গে জানিয়েছে, সালিসির প্রক্রিয়া স্থগিত না করে ফিউচারের আবেদনের শুনানি সম্ভব নয়। ১ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।

ব্যবসা বিক্রির জন্য মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেইল ভেঞ্চার্সের সঙ্গে ২৪ হাজার ৭১৩ কোটি রুপির চুক্তি করেছিল ফিউচার রিটেইল। সালিসি আদালতে আমাজন অভিযোগ জানায়, ফিউচার কুপন্সে তাদের অংশীদারি রয়েছে। তার মাধ্যমে অংশীদারি আছে ফিউচার রিটেইলেও। কিন্তু তাদের অন্ধকারে রেখে ব্যবসা বিক্রি করতে চাইছে ফিউচার। সালিসি আদালত চুক্তিতে স্থগিতাদেশ দেন।

সম্প্রতি ফিউচারের স্বাধীন পরিচালকেরা ভারতের প্রতিযোগিতা কমিশনে অভিযোগ জানান, ফিউচার গোষ্ঠী হাতে নিতে তাদের আগ্রহ ফিউচার কুপন্সের অংশীদারি কেনার সময়ে গোপন করেছে আমাজন। তারপরই কমিশন ২০১৯ সালে ওই শেয়ার কিনতে দেওয়া সম্মতি প্রত্যাহার করে। এর ভিত্তিতে ফিউচার আদালতে জানায়, কমিশনের নির্দেশের ব্যাপারে সালিসি আদালতকে নির্দেশনা দেওয়া হোক। কিন্তু তখন আরজি খারিজ হয়।

বিশ্বের বৃহত্তম অনলাইন বিক্রয় কেন্দ্র আমাজনের সঙ্গে বেশ কয়েক বছর ধরে আইনি যুদ্ধ চলছে ফিউচার গ্রুপের। আদালতে ফিউচার গ্রুপ আবেদন করেছিল, ভারতের অ্যান্টি ট্রাস্ট এজেন্সি ২০১৯ সালে তাদের সঙ্গে হওয়া আমাজনের চুক্তিটি বাতিল করেছে। তাই এ নিয়ে সালিসি চালানোর কোনো আইনি যুক্তি নেই। সেই আবেদনই গত মঙ্গলবার খারিজ হয় আদালতে।

আমাজনের অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের পণ্য বিক্রি নিয়ে চুক্তি হয়েছিল দুই কোম্পানির। সেই চুক্তি ভঙ্গ নিয়েই লড়াই চলছে আমাজনের ও ফিউচারের। ফিউচারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ নিয়ে ভারত ও আন্তর্জাতিক বিভিন্ন আদালতে আইনি যুদ্ধে অবতীর্ণ হয়েছে এই দুই কোম্পানি, যদিও চুক্তিভঙ্গ হয়নি বলে দাবি করেছে ফিউচার গ্রুপ।