চাকরির বর্তমান ও ভবিষ্যৎ প্রস্তুতি কেমন হবে
চতুর্থ শিল্পবিপ্লব আমাদের কর্মক্ষেত্রকে দিন দিন বড় চ্যালেঞ্জের মুখোমুখি করছে, তা আর নতুন করে বলার কিছু নেই। ভবিষ্যতে এই চ্যালেঞ্জ আরও বাড়বে ছাড়া কমবে না। আমাদের টিকে থাকতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিকস, অটোমেশন ইত্যাদির সঙ্গে পাল্লা দিয়ে। বাড়াতে হবে দক্ষতা এবং গ্রহণ করতে হবে যুগোপযোগী বিভিন্ন কৌশল।
স্কিলএইড বাংলাদেশকে সঙ্গে নিয়ে ইএমকে সেন্টার গত শনিবার (১২ ডিসেম্বর) আয়োজন করে ‘Developing Capabilities for the 4IR: HR Perspective’ শিরোনামের একটি অনলাইন সেশনের। সেশনটিতে অংশ নেন বিভিন্ন চাকরিজীবী ও শিক্ষার্থীরা।
সেশনটির মূল বক্তা ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. ফয়সাল ইমতিয়াজ খান। শিক্ষার্থীরা কীভাবে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুতি নেবেন, চাকরি বাজারের চাহিদা ও জোগানের মধ্যে অসংগতি, করোনা–পরবর্তী চাকরি প্রস্তুতি, করোনাকালীন কাজের নতুন সম্ভাবনা, কর্মক্ষেত্রের জন্য নিজেকে আরও উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় দক্ষতা, বাংলাদেশের চাকরি বাজারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা, এক সেক্টর থেকে অন্য সেক্টরে চাকরি পরিবর্তন, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে কাজ করতে করণীয় ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোকপাত করেন।
সেশনটিতে মডারেটর হিসেবে ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব এমপ্লয়ি ব্যাংকিং (রিটেইল ব্যাংকিং) খন্দকার এমদাদুল হক। সেশনটিতে আরও উপস্থিত ছিলেন এনআরবি জবস লিমিটেডের হেড অব বিজনেস মো. মুশফিকুর রহমান এবং স্কিলএইড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. মাসুদ। পুরো আয়োজনটি সমন্বয় করেন ইএমকে সেন্টারের উদ্যোক্তা সমন্বয়কারী শারমিন আক্তার শাকিলা।