বি ইউনিটে বাংলা-ইংরেজিতে নম্বর কমল, সাধারণ জ্ঞানে বাড়ল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ভর্তি পরীক্ষায় এবার একটি ইউনিট ও উপ-ইউনিটের প্রশ্নপত্রের মানবণ্টনে পরিবর্তন আনা হয়েছে। বি–ইউনিট ও বি-১ উপ-ইউনিটের প্রশ্নপত্রে গত বছর বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫ নম্বর এবং ইংরেজি ছিল ৩৫ নম্বর করে। আর সাধারণ জ্ঞান ছিল ৩০ নম্বরের। এবার সাধারণ জ্ঞান থাকবে ৪০ নম্বরের। আর বাংলা বা ঐচ্ছিক ইংরেজি এবং ইংরেজিতে কমবে ৫ নম্বর করে।

আজ বুধবার দুপুরে ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন প্রথম আলোকে মানবণ্টনের এসব তথ্য জানান। তিনি বলেন, গতবারের মতো এবারও  স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২০ নম্বরে হবে। এর মধ্যে ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। বাকি ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান বলেন, ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসে হবে। সংক্ষিপ্ত সিলেবাসে হবে না। গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষার কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে আসনসংখ্যা ৪ হাজার ৯২৬। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটা ৭৩৭টি।

মোট চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪১টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি। উপ-ইউনিটের মধ্যে বি-১ ইউনিটে ১২৫টি ও ডি-১ ইউনিটে ৩০টি আসন আছে।

মানবণ্টনের আদ্যোপান্ত

বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলায় ১০, ইংরেজিতে ১৫, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা প্রতিটিই ২৫ নম্বর করে (শিক্ষার্থীদের যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে) থাকবে।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে।

কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা এবং সংগীত বিভাগ বি-১ উপ-ইউনিটের অধীনে। এই ইউনিটেও বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে।

অন্যদিকে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে ‘সি’ ইউনিটের ভর্তিযুদ্ধ হবে। গতবারের মতো এবারও এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৩০, হিসাববিজ্ঞানে ৩৫ এবং ব্যবসায় নীতি ও প্রয়োগে (কারবার সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যাংকিং ও বিমা) ৩৫ নম্বর থাকবে।

সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষা হবে ‘ডি’ ইউনিটের। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, বিশ্লেষণ দক্ষতায় ২০, সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতিতে ২০ নম্বর থাকবে।

ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের জন্য পরীক্ষা হবে ‘ডি-১’ উপ-ইউনিটে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৩৫ নম্বর থাকবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫। তবে যে শিক্ষার্থী যত বেশি নম্বর পাবেন, তিনিই এগিয়ে থাকবেন ভর্তিযুদ্ধে।

ভর্তি পরীক্ষার সূচি

ভর্তির আবেদন শুরু হবে ১৬ জুন বেলা ১১টায়। চলবে ৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। ১৫ জুন বেলা ১১টা থেকে ৫ জুন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। এরপর আগামী ১৬ ও ১৭ আগস্ট এ ইউনিট, ১৯ আগস্ট সি ইউনিট, ২০ ও ২১ আগস্ট বি ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে বি-১ উপ-ইউনিট ও একই দিন বিকেলে ডি-১ উপ-ইউনিটের পরীক্ষায় বসবেন ভর্তি-ইচ্ছুকেরা।