বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে জবি শিক্ষকের মৃত্যু
বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই শিক্ষকের নাম মো. বাবর। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মো. বাবর নিউজিল্যান্ডের ম্যাসারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিতে অধ্যয়ন করছিলেন। ৪ জানুয়ারি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ তাঁর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। তিনি মা, স্ত্রী, তিন বছর বয়সী এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকার উত্তরার আশকোনার নিবাসী ছিলেন।
মো. বাবরের মৃত্যুতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগও একটি শোক সংবাদ দিয়েছে।