রবীন্দ্রনাথের গল্প মানেই বিশেষ প্রস্তুতি

নাটকের একটি দৃশ্যে তারিন জাহান ও রওনক হাসান
ছবি: ফেসবুক

‘আমি খুবই ভাগ্যবান। ছোটবেলা থেকেই এমন এক্সপেরিমেন্টাল সব গল্পে অভিনয়ের সুযোগ পেয়েছি। এসব গল্পে অভিনয় আমাকে এখনো স্বস্তি দেয়, শান্তি পাই।’ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে অভিনয় প্রসঙ্গে কথাগুলো বলেন অভিনেত্রী তারিন জাহান। বিভিন্ন সময়ে এই অভিনেত্রী রবি ঠাকুরের কালজয়ী কিছু গল্পে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

সম্প্রতি তিনি অভিনয় করছেন চিত্রাঙ্গদা অবলম্বনে নাটক প্রণয়িনীতে। গল্পটি চিত্রাঙ্গদা নৃত্যনাট্য থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের গল্প মানেই তারিনের কাছে আলাদা একটি প্রস্তুতি। এবারও তার ব্যতিক্রম হয়নি। গল্পের সময়কে তুলে ধরতে আলাদা করে পোশাক তৈরি করতে হয়েছে। তাঁর ভাষায়, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে অভিনয়ের জন্য বলতে গেলে মুখিয়ে থাকি। কারণ, এই ধরনের গল্পে আলাদা একটি ক্যানভাস থাকে। মানুষ এই চরিত্রগুলোর সঙ্গে পরিচিত থাকে। আমি চাইলেও যেমন ইচ্ছা অভিনয় করতে পারি না। একেকজন দর্শক একেকভাবে চরিত্রটি ধারণ করেছেন। সেই জন্য চাপটা আরও বেশি থাকে।’

তারিন জাহান
ছবি: ফেসবুক

প্রণয়িনী পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এই নির্মাতার সঙ্গে তারিন আগেও রবি ঠাকুরের গল্পে অভিনয় করেছেন। তারিন বলেন, ‘এখনো রবি ঠাকুরের গল্পের সেই প্রস্তুতি একই রকম রয়েছে। চিত্রনাট্য হাতে পাওয়ার পর বারবার পড়তে হয়। কল্পনার একটি জগতেই নিজেকে নিয়ে যাই। শত বছর আগের নারী চরিত্রের কথা বলা, হাঁটা, এক্সপ্রেশন দেওয়া এগুলো গভীর মনোযোগের সঙ্গে করতে হয়। তবে আমি নিজেই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের অনেক বড় ভক্ত। সেই কারণে চরিত্রের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারি।’

নাটকে একটি দৃশ্যে মনোজের সঙ্গে তারিন
ছবি: ফেসবুক

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একাধিক গল্প, উপন্যাস ও কবিতার ছায়া অবলম্বনে পাণ্ডুলিপিতে অভিনয় করেছেন তিনি। তারিনকে মূল গল্পের প্রেক্ষাপটই বেশি টানে। তিনি বলেন, ‘অনেকেই দেখি আগের গল্প ঠিক রেখে বর্তমান সময়ের আবহে শুটিং করেন। এই আঙ্গিকে রবীন্দ্রনাথের চরিত্রগুলো আমাকে খুব একটা টানে না। শত বছর আগের প্রেক্ষাপটে সেই সময়ের আলাদা সৌন্দর্য, আবেদন, মন কাড়ে। তখন নিজেকেও পর্দায় দেখতে ভালো লাগে।’

তারিন
ছবি: ফেসবুক

গত ঈদে তারিন অভিনীত সাহসিকা, অনাত্মীয় দম্পতি, মধুচক্র, গৃহ মায়াসহ একাধিক নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে। ঈদে নিজের কাজসহ তরুণদের কাজগুলো দেখার চেষ্টা করেন। তিনি বলেন, ‘ঈদে টেলিভিশন, ইউটিউব ও অনলাইন স্ট্রিমিংয়ে বেশ কিছু কাজ দেখেছি। তরুণেরা অনেক ভালো নির্মাণ করছেন। কিছু কাজের জন্য তাঁরা প্রশংসা পাওয়ার যোগ্য। তবে নতুনদের মনে রাখতে হবে, একই প্যাটার্নের কাজ যেন না হয়।’

তারিন জানান, বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিনে আজ রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে ‘প্রণয়িনী’ প্রচার হবে। নাটকে রওনক হাসান, মনোজ প্রামনিকসহ আরও অনেকে অভিনয় করেছেন।

তারিন জাহান
ছবি: ফেসবুক