লারাকে চেনা দায়!
ভারতে শেষবার যখন লকডাউন শিথিল হয়েছিল, ঠিক তখনই শুরু হয়েছিল বেল বটম ছবির শুটিং। স্বাস্থ্যবিধি মেনে শুটিং শেষও করে ফেলেছেন নির্মাতারা। কিছুদিন হলো মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। নায়ক অক্ষয় কুমার হলেও ট্রেলারে সবচেয়ে বড় চমক ছিলেন লারা দত্ত। যেখানে তাঁকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা গেছে।
অবশ্য ইন্দিরা গান্ধীর আড়ালে কোন নায়িকা, বুঝতে কষ্টই হয়েছে। ইন্দিরা গান্ধীরূপী লারাকে অনেকে চিনতেই পারেননি। এ যেন নবজন্ম। বেল বটম ছবির ট্রেলার মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে।
ইন্দিরা গান্ধীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করে যারপরনাই খুশি লারা। দিল্লিতে বেল বটম ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে লারা শুনিয়েছিলেন চরিত্রটি পাওয়ার গল্প। অপরিচিত নম্বর থেকে একদিন তাঁর কাছে ফোন আসে। শুরুতেই তাঁকে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন পরিচালকের প্রতিনিধি। চিত্রনাট্য না শুনেই হ্যাঁ করে দিয়েছিলেন লারা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ভিডিওতে সম্প্রতি তাঁর প্রস্থেটিক মেকআপের কিছু মুহূর্ত তুলে ধরেছেন লারা।
তিনি বলেছেন, ‘বেল বটম ছবির ট্রেলার ঘিরে নানা প্রতিক্রিয়া পাচ্ছি। আর ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয়ের জন্য সবার দারুণ প্রশংসা পাচ্ছি। মনটা ভরে গেছে। আমার ওপর আস্থা রাখার জন্য আমি কৃতজ্ঞ। অবিশ্বাস্য প্রস্থেটিক মেকআপের জন্য বিক্রম গায়কোয়াড় ও তাঁর দলকে ধন্যবাদ জানাচ্ছি। সম্পূর্ণ কৃতিত্ব আমি তাঁদের দিতে চাই।’ ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয় প্রসঙ্গে লারা বলেছেন, ‘কখনো কল্পনা করিনি, তাঁর মতো বৈচিত্র্যময় ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করতে পারব। পর্দায় নিজের এই রূপান্তর দেখার অনুভূতি অভাবনীয়। আমি আর অপেক্ষা করতে পারছি না।’
বেল বটম ছবিটি ১৯৮৪ সালে বিমান হাইজ্যাকের ঘটনার ওপর নির্মিত। পরপর পাঁচবার বিমান হাইজ্যাকের পর ভারত সরকার থেকে ‘র’কে এই অপারেশনের জন্য এক গুপ্তচর নিয়োগ করতে বলা হয়, যাঁর কোডনেম বেল বটম। এই চরিত্রেই অক্ষয় কুমারকে দেখা যাবে। আর তাঁর স্ত্রীর চরিত্র করছেন বানী কাপুর। রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই স্পাই-থ্রিলার থ্রি-ডি ছবিতে আদিল হুসেন, হুমা কুরেশিসহ আরও অনেকে আছেন।